মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী চড়ক পূজা। মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলার রহিমপুর ইউনিয়নের ছয়চিরী দিঘীর পাড়ে শুরু হতে যাওয়া দুই দিনব্যাপী এ পূজায় অংশ নিতে দেশের বিভিন্ন স্থান থেকে পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন।
প্রায় ২০০ বছরের বেশি সময় ধরে প্রতিবছরের চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হচ্ছে চড়ক পূজা। বসবে লোকজ মেলা। বুধবার (১৫ এপ্রিল) পূজা ও মেলা শেষ হবে।
স্থানীয় সূত্র জানায়, চড়ক পূজা শুরুর ১০-১২ দিন আগে থেকে বিভিন্ন এলাকার পূজারীদের মধ্যে ৪০/৫০ জন সন্ন্যাস ধর্মে দীক্ষিত হয়ে বাড়ি বাড়ি গিয়ে নৃত্যগীত সহকারে ভিক্ষায় অংশ নেন। এ কদিন তারা পবিত্রতার সহিত সন্যাস ব্রত পালন করেন। তারা সারাদিন উপবাস পালন করেন ও নিরামিষ ভোজ করেন।
আয়োকরা জানান, মঙ্গলবার দুপুর থেকে পুণ্যার্থীদের সমাগম ঘটবে। অনুষ্ঠিত হবে দেবতার পূজা-অর্চনা। বুধবার ফের চড়ক পূজা অনুষ্ঠিত হবে। ওই দিন দেবতার পূজা অর্চনা করা হবে। ছয়চিরি দিঘীর চার পাড়ের মধ্যে দিঘীর পূর্বপাড়ে একটি, উত্তর পাড়ে একটি এবং দক্ষিণ পাড়ে দুটি চড়ক গাছ স্থাপন করে পূজা অনুষ্ঠিত হবে।
চড়কপূজা উদযাপন কমিটির সভাপতি অনিরুদ্ধ প্রসাদ রায় চৌধুরী জানান, প্রতি বছরের মতো এবারো পূজা ও মেলা সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। যুগ যুগ ধরে এ চড়ক উৎসব এ অঞ্চলের হিন্দুদের বেশ নাড়া দিয়ে আসছে। বাংলা চৈত্র মাসের শেষ দুদিন ও পয়লা বৈশাখ বসে মেলা।