দেশব্যাপী ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১২টা ২২ মিনিটের দিকে তিনি টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে কৃষকদের মধ্যে কার্ড বিতরণ করেন। তিনি স্থানীয় ১৫ জন কৃষক-কিষানির হাতে কৃষক কার্ড ও গাছের চারা তুলে দেন।
পাশাপাশি তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের ১১টি উপজেলায় এ কার্যক্রম উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, বিশ্বখাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াকুন শী। এসময় কৃষক কবির হোসেন ও কৃষাণী জুলেখা বেগম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে তিনি পৌর উদ্যানে কৃষিমেলার উদ্বোধন করবেন। সেখান থেকে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করতে যাবেন তিনি।
এদিকে, ঐতিহাসিক এই কর্মসূচি ঘিরে টাঙ্গাইল শহরে সাজ সাজ রব বিরাজ করছে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
চলতি বছরের ৩১ জানুয়ারি তারেক রহমান টাঙ্গাইলে নির্বাচনি জনসভায় অংশ নেন।