চাঁপাইনবাবগঞ্জে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের হাম আইসোলেশন কর্নারে শিশুটি মারা যায়। এ নিয়ে জেলায় চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই রোগের উপসর্গে সাত শিশুর মৃত্যু হলো।
হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে তীব্র শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে শিশুটিকে জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাম আইসোলেশন কর্নারে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিয়েছিলেন। পরিবারের আর্থিক সক্ষমতা না থাকায় তাকে স্থানান্তর করা সম্ভব হয়নি। পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. মোসফিকুর রহমান জানান, পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে এটি হাম কি না তা এখনই বলা যাচ্ছে না, তবে শিশুটির শরীরে হামের সব ধরনের লক্ষণ ছিল। হাসপাতালে আনার পর দ্রুত চিকিৎসা শুরু করা হলেও অল্প সময়ের মধ্যেই শিশুটি মারা যায়।
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন বলেন, “এখন পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে সাতজন শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। যারা আক্রান্ত হচ্ছেন তাদের সুচিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।”