নীলফামারী সদর উপজেলায় ডাম্প ট্রাকের ধাক্কায় দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একজন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহতরা হলেন- সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলা পাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর ছেলে শিহাব হোসেন (১৬) ও ছোয়াদ হোসেন (৬)।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনজন একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা ডাম্প ট্রাক তাদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিহাব ও ছোয়াদ মারা যান। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা।
নীলফামারী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাক ও চালককে শনাক্ত করতে পুলিশ কাজ করছে।