কুমিল্লায় আমদানি নিষিদ্ধ ও ব্যবহার অনুপযোগী বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) বেলা ১১টার দিকে নগরীর গোমতী নদীর পাড়ে কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে এ কার্যক্রম পরিচালনা করা হয়।
ধ্বংস পণ্যের মধ্যে ছিল ব্যবহার অনুপযোগী শাড়ি ও থ্রি-পিস, মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিজিবির জব্দ করা আমদানি নিষিদ্ধ বাজি, আইএমই নম্বরবিহীন অ্যান্ড্রয়েড মোবাইল সেট। ধ্বংসকৃত এসব পণ্যে বর্তমান বাজার মূল্য চার কোটি টাকারও বেশি।
এ সময় উপস্থিত ছিলেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার নিতিশ বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক, ১০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম এবং জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার জাহান।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, জনস্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ পণ্যের বিস্তার রোধে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে।