সারা বাংলা

শ্রীমঙ্গলে ছেলের হাতে বাবা খুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত এবং তার এক ছেলে আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৫ এপ্রিল) উপজেলার কালাপুর ইউনিয়নের গাজীপুর আনসার ক্যাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আকল মিয়া (৮৮)। আহত শহিদুর রহমান শহিদ (৪৭)। এ ঘটনায় অভিযুক্ত মশিক মিয়াকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ হোসেন বলেন, “পারিবারিক বিরোধের জেরে ছোট ছেলে মশিক মিয়ার সঙ্গে আকল মিয়ার কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আকল মিয়াকে ছুরিকাঘাত করেন মশিক। বিষয়টি দেখে মশিক মিয়ার বড় ভাই শহিদুর এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আকল মিয়াকে মৃত ঘোষণা করেন।”

শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) মো. আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনার পরপরই অভিযুক্ত একটি পাহাড়ে লুকিয়ে ছিলেন। স্থানীয়দের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।”