সারা বাংলা

রাঙামাটিতে নৌকাডুবি, ১১ জনকে উদ্ধার করল সেনাবাহিনী

রাঙামাটির জুরাছড়িতে নৌকাডুবির কবলে পড়া ১১ নারী ও শিশুকে উদ্ধার করেছে সেনাবাহিনী।

বুধবার (১৫ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে উপজেলার জুরাছড়ি জোন (২ বীর)-এর আওতাধীন রাজমনিপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন কারবারি পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের নারী, শিশু ও পুরুষসহ ১১ জন একটি নৌকায় করে যাচ্ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে নৌকাটি ভারসাম্য হারিয়ে পানিতে ডুবে যায়। খবর পেয়ে রাজমনিপাড়া আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে পৌঁছায়। অন্ধকারের মধ্যেও সেনা সদস্যরা তাৎক্ষণিকভাবে পানিতে নেমে উদ্ধার কার্যক্রম শুরু করেন।

তাদের দক্ষতা ও তৎপরতায় নৌকায় থাকা সব যাত্রীকে নিরাপদে পাড়ে তোলা সম্ভব হয়। উদ্ধারদের মধ্যে একজন গভবর্তী নারী অসুস্থ বোধ করলে সেনাবাহিনীর রাজমনিপাড়া ক্যাম্পের তৎপরতায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। অন্যদিকে, শিশুসহ অন্যান্য যাত্রীদের প্রাথমিক পর্যবেক্ষণ শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। 

বাংলাদেশ আর্মি ভেরিফাইড ফসবুক পেইজে উল্লেখ করা হয়, “গতকাল (বুধবার) সন্ধ্যা আনুমানিক ৭টা ৪৫ মিনিটে স্থানীয় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন যাত্রী বহনকারী একটি  নৌযান হঠাৎ ডুবে যায়। ঘটনাটি প্রথমে একজন সেনাসদস্যের নজরে আসে এবং তাৎক্ষণিকভাবে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার অভিযান শুরু করে।

সেনা সদস্যরা অত্যন্ত পেশাদারিত্ব ও সাহসিকতার সঙ্গে পানিতে ডুবে যাওয়া নৌাকার ১১ জন যাত্রীকে সফলভাবে উদ্ধার করে। উদ্ধারকৃতদের মধ্যে একজন গর্ভবতী নারী ছিলেন, যাকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃতদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।”