মাদারীপুর পানিছত্রে বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর স্বজনেরা ক্ষুব্ধ হয়ে হাসপাতালে ভাঙচুর চালায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (১৫ এপ্রিল) রাত আনুমানিক ৮টার দিকে বিলকিস বেগম নামে এক নারী শরীরে ফোঁড়া নিয়ে শহরের পানিছত্র এলাকার কেআই হাসপাতালে চিকিৎসা নিতে যান। কর্তব্যরত চিকিৎসক আহসান হাবিবের তত্ত্বাবধানে তাকে অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচার করা হয়।
অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়। পরিবারের সদস্যরা বিলকিস বেগমকে ঢাকায় নেওয়ার পথে রাত আনুমানিক ১১টার দিকে তার মৃত্যু হয় বলে স্বজনেরা অভিযোগ করেন। এরপর বৃহস্পতিবার সকালে হাসপাতালে এসে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং একপর্যায়ে হাসপাতালের বিভিন্ন জায়গায় ভাঙচুর চালান। এতে চিকিৎসকের চেম্বার, রিসিপশনসহ হাসপাতালের গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং হাসপাতাল এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
ঘটনার পর থেকে হাসপাতালের চিকিৎসক, মালিকসহ সবাই পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফারিহা রফিক ভাবনা জানান, রোগীর মৃত্যুর অভিযোগ এবং হাসপাতাল ভাঙচুরের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতালটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সেখানে ভর্তি থাকা রোগীদের অন্যত্র সরিয়ে নিতে বলা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।