সারা বাংলা

প্রাণ বাঁচাতে আটতলায় ওঠেন, সেখান থেকে ফেলে হত্যা

চট্টগ্রামে এক কলেজছাত্রকে মারধরের পর আটতলা থেকে লিফটের গর্তে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গত রবিবার (১২ এপ্রিল) নগরীর চকবাজার থানাধীন ডিসি রোড এলাকায় একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার ঘটনাটি প্রকাশ্যে আসে।

নিহত আশফাক কবির সাজিদ (১৭) চট্টগ্রামের বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। তিনি নগরের বাকলিয়া ডিসি রোড কবরস্থানের পাশের একটি ভাড়া বাসায় থাকতেন।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, রবিবার বিকেলে আশফাককে তার বন্ধু ফারদিন হাসান মোবাইলে কল দিয়ে নগরীর বাকলিয়া এক্সেস রোডের মৌসুমী আবাসিক এলাকায় ডেকে নেয়। সেখানে পৌঁছালে আইমন, অনিক, রানা, মাইকেল, ইলিয়াস, এনায়েত উল্লাহ ও মিসকাতুল কায়েসসহ একদল তরুণ তাকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোর করে তুলে নিয়ে যায়। একপর্যায়ে তাদের হাত থেকে বাঁচতে আশফাক কাছের একটি নির্মাণাধীন ভবনে ঢুকে গেট বন্ধ করে আটতলায় উঠে যায়। হামলাকারীরা গেটে ধাক্কা দিলে নিরাপত্তাকর্মী এনামুল হক গেট খুলে দেন। পরে তারা ওপরে গিয়ে আশফাককে মারধর করে এবং একপর্যায়ে আটতলা থেকে লিফটের ফাঁকা স্থানে ফেলে দেয়। গুরুতর আহতাবস্থায় আশফাককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা আবুল হাশেম শিকদার বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

চকবাজার থানার ওসি বাবুল আজাদ বলেন, “এ ঘটনায় ভবনটির নিরাপত্তাকর্মী এনামুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। হত্যার পেছনের কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। কিশোর গ্যাংয়ের দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে কি না খতিয়ে দেখা হচ্ছে।”