সারা বাংলা

কুতুকছড়িতে গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত, আহত ২ 

রাঙামাটির কুতুকছড়ি এলাকায় ধর্মসিং চাকমা নামে এক ইউপিডিএফ নেতা সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় তার দুই বোন আহত হয়েছেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টার দিকে তাকে হত্যা করা হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে। হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছে ইউপিডিএফ।

নিহত ধর্মসিং চাকমা ইপিডিএফ-এর সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ছিলেন বলে জানা গেছে।

গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন- ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমা। তারা নিহত ধর্মসিং চাকমার বোন।

স্থানীয় সূত্র জানায়, আজ শুক্রবার সকাল ৬টার দিকে কুতুকছড়ি উপরপাড়া এলাকায় ধর্মসিংয়ের বাসায় যায় একদল সন্ত্রাসী। তারা তাকে ঘর থেকে বাইরে আসার জন্য বলে। বিপদ বুঝতে পেরে ধর্মসিং দৌঁড়ে পালানোর চেষ্টা করেন। এসময় সন্ত্রাসীরা তাকে গুলি করে হত্যা করে। সন্ত্রাসীদের গুলিতে নিহত ধর্মসিংয়ের দুই বোন ভাগ্যসোনা চাকমা ও কৃপাসোনা চাকমাও গুলিবিদ্ধ হন। সন্ত্রাসীরা চলে গেলে তাদের হাসপাতালে নিয়ে যান এলাকাবাসী। দুই নারীই হাতে গুলিবিদ্ধ হয়েছেন।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, “হাতে গুলিবিদ্ধ দুইজন নারীকে সকালে হাসপাতালে আনা হয়েছিল। তারা চিকিৎসা নিয়ে  চলে গেছেন।”

রাঙামাটি কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিমউদ্দিন বলেন, “ঘটনাটি আমরা শুনেছি। ওই এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। সেখানে যাওয়ার পর বিস্তারিত জানাতে পারব।”