সারা বাংলা

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় নানার বাড়ির পুকুরে ডুবে ফাহিয়া (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বাইম্যাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ফাহিয়া চকরিয়া উপজেলার ফাইতং ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ শফির মেয়ে। সে নানার বাড়িতে থেকে পূর্ব বাইম্যাখালী সুলতানুল উলুম নুরানি মাদ্রাসায় পড়াশোনা করত।

পরিবারের সদস্যরা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে নানার বাড়ির পাশে খেলতে গিয়ে সবার অগোচরে ঘরের পেছনের একটি পুকুরে পড়ে যায় ফাহিয়া। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাকে উদ্ধার করা হয়।

গুরুতর অবস্থায় দ্রুত ফাহিয়াকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম বলেন, “নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।”