সারা বাংলা

কুষ্টিয়ায় জামায়াতের ২১ কর্মী-সমর্থককে আদালতে সোপর্দ

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় শিশুদের খেলাধুলাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় জামায়াতে ইসলামীর ২১ জন কর্মী-সমর্থককে আদালতে পাঠানো হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে মিরপুর থানা হাজত থেকে তাদের আদালতে পাঠানো হয়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এ তথ্য জানান। শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার আমলা ইউনিয়নের বুরাপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কয়েকজন পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেন, শুক্রবার মাগরিবের নামাজের সময় তাদের গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় তারা জড়িত নয়। ওসি মো. শহিদুল ইসলাম বলেন, ২১ জনকে শনিবার (১৮ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মিরপুর উপজেলার বুরাপাড়া গ্রামে দুই শিশুর মধ্যে খেলাধুলা নিয়ে মারামারি হয়। এক শিশুর অভিভাবক অপর পক্ষের কাছে বিষয়টি জানতে গেলে বাগ্ববিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষরা ওই অভিভাবকের ওপর হামলা চালায় এবং তাকে গুরুতর জখম করে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ভর্তি করা হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনায় মামলা করা হলে জামায়াতে ইসলামীর ২১ কর্মী-সমর্থককে আটক করে পুলিশ।