শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় একটি পাম্পে ড্রামে করে জ্বালানি তেল বিক্রির সময় ভিডিও ধারণ করায় এক সাংবাদিকের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে পাম্প মালিকের ভাতিজার বিরুদ্ধে। এ সময় ওই সাংবাদিককে বাঁচাতে এলে আরেক সাংবাদিককেও লাঞ্ছিত করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনায় সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ভুক্তভোগী সাংবাদিক। এর আগে সকালে উপজেলার কাশিমপুর এলাকার মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ওই সাংবাদিকরা হলেন দৈনিক ইনকিলাব পত্রিকার ভেদরগঞ্জ সংবাদদাতা জাহিদ হাসান টিপু ও দৈনিক সমকালের ভেদরগঞ্জ সংবাদদাতা আশিকুর রহমান হৃদয়।
ভুক্তভোগী সাংবাদিক ও পুলিশ সূত্রে জানা যায়, কাশিমপুর এলাকায় মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনে শনিবার (১৮ এপ্রিল) সকালে কয়েকটি ড্রামে করে তেল বিক্রি করছিল কর্মচারীরা। দুই সাংবাদিক এর ভিডিও ধারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে পাম্প মালিক ফারুক মাদবর, তার ভাতিজা জামান মাদবরসহ কয়েকজন সাংবাদিক জাহিদ হাসান টিপুর উপর হামলা চালায়। পাশে থাকা আরেক সাংবাদিক হৃদয় এগিয়ে আসলে তাকেও লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। চিকিৎসা নিয়ে পাম্প মালিক ফারুক মাদবর ও জামান মাদবরের বিরুদ্ধে সখীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান টিপু।
ভুক্তভোগী সাংবাদিক জাহিদ হাসান টিপু বলেন, ‘‘আমি থানায় ন্যায় বিচারের আশায় অভিযোগ দায়ের করেছি।’’
সাংবাদিক আশিকুর রহমান হৃদয় বলেন, ‘‘পাম্পের মালিক মালিক ফারুক মাদবর সেগুলো প্রশাসনের তেল উল্লেখ করে। তবে কোন দপ্তরে এই তেল যাবে— এমন প্রশ্নে তিনি উত্তর না দিয়ে ড্রামসহ তেলগুলো দ্রুত সরিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন আমি এবং আমার সহকর্মী ভিডিও নেওয়ার চেষ্টা করলে পাম্পটির মালিক ফারুক মাদবর ও ভাতিজা জামান মাদবরসহ কয়েকজন আমার সহকর্মী জাহিদ হাসানের উপর হামলা চালায়। আমি তাকে বাঁচাতে এলে আমাকেও লাঞ্ছিত করা হয়।’’
হামলার বিষয়ে জানতে চাইলে মেসার্স ফারিয়া ফিলিং স্টেশনের মালিক ফারুক মাদবর বলেন, ‘‘অনেক সময় প্রশাসনের তেল ড্রামে করে দিতে হয়। তারা চাহিদাপত্র নিয়ে আসায় আমরা সেভাবে তেল দিচ্ছিলাম। পরে শুনেছি, আমার ভাতিজা ঝামেলা করেছে। যেটা সে ভুল করেছে। পরে স্থানীয় লোকজন এসে বিষয়টি মিমাংসা করে দিয়েছে। ওর এমন কাজে আমি দুঃখিত।’’
এ ব্যাপারে সখীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শেখ ফরিদ উদ্দিন বলেন, ‘‘সাংবাদিকদের উপর হামলার ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি জেনে এসেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’’