সারা বাংলা

জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের হামলায় একজন খুন

হবিগঞ্জের নবীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে মঞ্জুর হোসেন (২৮) নামে এক তরুণ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার করগাঁও ইউনিয়নের বেগমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুর ওই গ্রামের খলিলুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্র জানায়, খলিলুর রহমানের সঙ্গে একই গ্রামের সিরাজুল ইসলামের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। রবিবার বাড়ির পাশের বোরো জমিতে ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দেশীয় অস্ত্র ফিকলের আঘাতে মঞ্জুর গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান।

নবীগঞ্জ থানার ওসি মো. মোনায়েম মিয়া বলেন, ঘটনার পর গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।