সারা বাংলা

একসঙ্গে বিষপানে প্রেমিকার মৃত্যু, হাসপাতালে প্রেমিক

গাইবান্ধার সাদুল্লাপুরে প্রেমিক-প্রেমিকা একসঙ্গে বিষপান করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকা মীম আক্তারের (১৯) মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন প্রেমিক মোরসালীন হাসান পরশ (২৫)।

রবিবার (১৯ এপ্রিল) সকালে উপজেলার জয়েনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মীম একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে। পরশ ওই এলাকার হামিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, পরশ ও মীমের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ের মেয়েটির অন্যত্র বিয়ে হয়। সম্প্রতি মীম বাবার বাড়িতে বেড়াতে এলে পরশের সঙ্গে যোগাযোগ হয়। পরে উভয়েই পরিবারকে জানান, তারা দুই জন বিয়ে করতে চান। কিন্তু কারো পরিবারই রাজি হয়নি।

এ অভিমানে পরশ ও মীম বিষপান করেন। তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীম আক্তারের মৃত্যু হয়। পরশের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সাদুল্লাপুর থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, “এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। মীমের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”