সারা বাংলা

টঙ্গীতে পানিতে ডুবে মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে পানিতে ডুবে আমীর উদ্দিন গাজী নামে এক মাদ্রাসাশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আমীর উদ্দিন গাজী ওই মাদ্রাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্র জানায়, আসরের নামাজের পর আমীর উদ্দিন গাজী মাদ্রাসার পুকুরে গোসলে নামে। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা এসে উদ্ধার অভিযান পরিচালনা করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন এই প্রতিবেদক। তবে, তাৎক্ষণিক তিনি কোনো মন্তব্য করেননি।

মাদ্রাসার কেন্দ্রীয় ছাত্রসংসদের ভিপি মঈনুল ইসলাম বলেন, “নিহত শিক্ষার্থীর বাবা নেই। মা বিষয়টি জানার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। এ ঘটনায় আমরা সবাই ব্যথিত৷”