সারা বাংলা

নিখোঁজ ভ্যানচালকের লাশ মিলল মামাতো ভাইয়ের কবরে

শরীয়তপুরে নিখোঁজের ২৫ দিন পর মনু বেপারী (৬৫) নামে এক ভ্যানচালকের মরদেহ তার মামাতো ভাইয়ের কবরে পাওয়া গেছে।

সোমবার (২০ এপ্রিল) সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের চর চটাং এলাকার একটি পুরোনো কবরে মরদেহটি পাওয়া যায়।

পুলিশ ও স্বজনরা জানান, প্রায় ২৫ দিন আগে নিখোঁজ হন মনু। এ ঘটনায় গত ১৩ এপ্রিল পালং মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা। সোমবার সকালে মনুর বোন মিনারা বেগম বাড়ির পাশে প্রায় তিন বছর আগে মারা যাওয়া মামাতো ভাই সাহেব আলী মাদবরের কবরে মাটি খোঁড়া দেখতে পান। সন্দেহ হলে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কবর খুঁড়ে মনুর মরদেহ দেখতে পায়।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মনুকে হত্যার পর মরদেহ তার মামাতো ভাইয়ের কবরে লুকিয়ে রাখা হয়েছে। মরদেহটি যেহেতু মাটির নিচে তাই ম্যাজিস্ট্রেট ও আদালতের প্রক্রিয়া শেষে উত্তোলন করে সুরতহাল ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”