সাতক্ষীরার কলারোয়ায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে মো. ইব্রাহিম গাজী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (২০ এপ্রিল) সাতক্ষীরা শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এ রায় ঘোষণা করেন। ইব্রাহিম গাজী কলারোয়া উপজেলার পারিখুপি গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৭ মার্চ ইব্রাহিম গাজী বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী এক শিশুকে বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় শিশুটির ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। পরে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করে পুলিশে দেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর নানী বাদী হয়ে থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সেকেন্দার আলী ২০২৫ সালের ১৯ জুলাই আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী, সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ পিপি শেখ আলমগীর আশরাফ বলেন, “সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ইব্রাহিম গাজীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে তিনি কাঠগড়ায় ছিলেন।”