কক্সবাজার শহরে অ্যাম্বুলেন্স ব্যবহার করে মাদক পাচারের সময় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা জব্দ হয়।
সোমবার (২০ এপ্রিল) রাতে শহরের শহীদ সরণীর জলিলের দোকান মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- কক্সবাজার শহরের নতুন বাহারছড়া এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. একরাম হোসেন (৪৫) এবং তার স্ত্রী রুমা আক্তার (৩৮)। তাদের আদি বাড়ি চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখিল এলাকায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালক সোমেন মন্ডল জানান, অ্যাম্বুলেন্সে মাদকের চালান পাচার হবে গোপন সূত্রে এমন খবর আসে। এই তথ্যের ভিত্তিতে শহরের শহীদ সরণী এলাকায় অভিযান চালানো হয়। জেলা সদর হাসপাতালের দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সকে থামার সংকেত দিলে চালক পালানোর চেষ্টা করে। ধাওয়া দিয়ে গাড়িটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে অ্যাম্বুলেন্সে বিশেষভাবে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার হয়।
তিনি জানান, অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।