সারা দেশে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। প্রথম দিনে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথমপত্রের পরীক্ষায় ১ হাজার ৪২৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
কুমিল্লা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার বোর্ডের অধীনে মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর— এই ছয় জেলার ২৭৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকালে কুমিল্লার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম অনপস্থিতির তথ্য জানান।
পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন এবং ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন। সে হিসাবে ছাত্রদের তুলনায় ছাত্রী সংখ্যা ২৯ হাজার ১২৩ জন বেশি। সংশ্লিষ্টরা বলছেন, শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও সাফল্যের হার বাড়ার ফলে পরীক্ষায় তাদের উপস্থিতিও বেশি হচ্ছে।
এ দিকে নকল প্রতিরোধে বোর্ডের আওতাধীন সব ২৭৭টি কেন্দ্র সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিও জোরদার করা হয়েছে।
পরীক্ষার প্রথম দিনে কেন্দ্রগুলোতে পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সবার সহযোগিতায় এবারের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।