সারা বাংলা

শ্রীপুরে স্কুলের অনুষ্ঠানে হট্টোগোল, বিএনপির ৬ নেতাকর্মী বহিষ্কার

গাজীপুরের শ্রীপুর উপজেলার একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে অসৌজন্যমূলক আচরণ এবং প্রধান শিক্ষকের কক্ষে তালা দেওয়ার ঘটনায় ছয় নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপি।

বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব ও সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- গাজীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সারোয়ার আউয়াল, সাবেক সাংগঠনিক সম্পাদক আ. মান্নান মাস্টার, সাবেক যুগ্ম সম্পাদক মো. হাসমত আলী হাসু এবং সদস্য মো. আরমান আলী, মো. মাহবুব আলম ও মো. রফিকুল ইসলাম।

স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (১৯ এপ্রিল) সকালে গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। অনুষ্ঠানে আমন্ত্রণ না পাওয়ার অভিযোগ তুলে কয়েকজন স্থানীয় বিএনপি নেতা সমর্থকদের নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে তারা অনুষ্ঠান বন্ধের চেষ্টা করেন এবং শিক্ষকদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। বিদ্যালয়ের অফিস সহায়ক আব্দুস সামাদকে মারধর করা হয় এবং মাইক্রোফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ ওঠে।  ঘটনার আকস্মিকতায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা অনুষ্ঠানস্থল ত্যাগ করে। 

অভিযুক্তরা পরে বিদ্যালয়ের অফিস ও প্রধান শিক্ষকের কক্ষে তালা ঝুলিয়ে চলে যান। প্রায় এক ঘণ্টা পর তারা ফিরে এসে তালা খুলে দেন। এ ঘটনায় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. এসএম রফিকুল ইসলাম বাচ্চু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর ইউনিয়ন বিএনপি জরুরি সভা ডেকে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় উপস্থিত কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে তাদের বহিষ্কারের সুপারিশ করেন এবং উপজেলা বিএনপির কাছে প্রতিবেদন জমা দেন। সেই প্রতিবেদনের ভিত্তিতেই উপজেলা বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে তাদের আজীবন বহিষ্কার করে।

উপজেলা বিএনপির সদস্য সচিব খাইরুল কবীর মন্ডল আজাদ বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বিঘ্নিত করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের কর্মকাণ্ড দলের শৃঙ্খলার পরিপন্থি হওয়ায় কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।”