রাজশাহীতে অটোরিকশায় বাসের ধাক্কায় এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুজন।
বুধবার (২২ এপ্রিল) বেলা ১১টার দিকে মহানগরীর তালাইমারী অক্ট্রয় মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত গৃহবধূর নাম বেদেনা। তিনি দুর্গাপুর উপজেলার তালিসাবাসপুর গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম আব্দুর রাজ্জাক।
মতিহার থানার ওসি গোলাম কবির বলেন, অক্ট্রয় মোড়ে একটি বাস ও অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা যাত্রীরা আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেদেনাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরো বলেন, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। তবে, বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে।