সারা বাংলা

এক লাখ কেজি ভেজাল মধু জব্দ, ৫ লাখ টাকা জরিমানা 

ঢাকার কেরানীগঞ্জ উপজেলায় নকল মধু তৈরির কারখানায় অভিযান চালিয়ে প্রায় এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানাটি সিলগালা করে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুরের কলাকান্দি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) তথ্যের ভিত্তিতে ও সার্বিক সহযোগিতায় ‘বিসমিল্লাহ মধু ঘর ও মৌ খামার’ নামে কারখানায় অভিযান চালানো হয়। সেখানে চিনি, রঙ, কৃত্রিম ফ্লেভার ও বিভিন্ন রাসায়নিক পদার্থ ব্যবহার করে ভেজাল মধু তৈরি করা হচ্ছিল।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আফতাব আহমেদ জানান, কারখানায় থেকে অনলাইন ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে এ সব ভেজাল মধু সরবরাহ করা হতো। অভিযানকালে ওই ভাড়া বাড়ি থেকে কৃত্রিম মধু তৈরির সরঞ্জামসহ প্রায় দুই হাজার ড্রামে সংরক্ষিত এক লাখ কেজি ভেজাল মধু জব্দ করা হয়। কারখানাটি সিলগালা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

কারখানার মালিক হিজবুল্লাহ (৫০) জরিমানার পাঁচ লাখ টাকা পরিশোধে অপরাগতা প্রকাশ করলে ম্যানেজারসহ তিন জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। জরিমানা পরিশোধ সাপেক্ষে তাদের ছেড়ে দেওয়া হবে।

জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এ ধরনের ভেজাল খাদ্য উৎপাদন ও বিপণনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। 

অভিযানে উপস্থিত ছিলেন এনএসআই-এর ঢাকা জেলার সহকারী পরিচালক সাকির হোসেন, কেরানীগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শাহিনুর রহমান প্রমুখ।