সারা বাংলা

রবীন্দ্র জন্মজয়ন্তীতে শিলাইদহে যাবেন প্রধানমন্ত্রী

আগামী ২৫ বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে তার স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান এ তথ্য জানিয়েছেন। 

তিনি বলেন, “২৫ বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর অনুষ্ঠানে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী। তিন দিনব্যাপী অনুষ্ঠানটি সাংস্কৃতিকবিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে জাতীয় পর্যায়ে উদযাপিত হবে। এবারের আয়োজনের মধ্যে রয়েছে আলোচনা সভা, রবীন্দ্র সংগীত ও গ্রামীণ মেলা।” 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২৫ বৈশাখ দুপুরে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় পর্যায়ে বিশ্বকবি জন্মজয়ন্তীর এই অনুষ্ঠান ঘিরে ব্যাপক প্রস্ততি গ্রহণ করা হচ্ছে। এ উপলক্ষ্যে রবিবার সচিবালয়ে আয়োজিত জাতীয় কমিটির প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান। সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের বিষয়টি নিশ্চিত করা হয়।  

জেলা প্রশাসক তৌহিদ বিন-হাসান বলেন, “প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আমরা সর্বাত্মকভাবে প্রস্তুত নেব।”