সারা বাংলা

ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে মোহন শেখ (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে আবু জাহিদ চৌধুরীর সমর্থকদের সঙ্গে আবুল বাশার তরিকুল সাদাতের সমর্থকদের বিরোধ চলে আসছিল। বুধবার সন্ধ্যায় জাহিদের এক সমর্থককে মারধর করে সাদাতের লোকজন। এর জেরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের অন্তত ১১ জন আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে আবু জাহিদ ও আবুল বাশারের মোবাইলে কল দিলে উভয়ের নম্বর বন্ধ পাওয়া যায়।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাহিদ এমরান তন্নি বলেন, “মোহন শেখকে আমরা মৃত অবস্থায় পাই। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে আব্বাস শেখ নামে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুরে রেফার করা হয়েছে।”

শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, “আধিপত্য বিস্তারের জেরে এ ঘটনা ঘটেছে। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।”