সারা বাংলা

বগুড়ায় একাধিক মামলার আসামিকে কুপিয়ে হত্যা

বগুড়ার শাজাহানপুরে একাধিক মামলার এক আসামিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলার বনানী গাক চক্ষু হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রকি (৩২)। তিনি উপজেলার গণ্ডগ্রামের উত্তরপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে। রকি এলাকায় ইট-বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক, ছিনতাই ও ছুরিকাঘাতসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর সোয়া একটার দিকে দুই-তিনজন দুর্বৃত্ত ধারালো অস্ত্র দিয়ে রকিকে কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, রকি এলাকায় প্রভাব বিস্তার করে ভয়ভীতি দেখিয়ে টাকা আদায় করতেন। এছাড়াও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ঈদের আগে তিনি জামিনে কারাগার থেকে মুক্ত হন।”