সারা বাংলা

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ১৭ বছর পর গ্রেপ্তার

দীর্ঘ ১৭ বছর পলাতক থাকার পর অবশেষে আইনের জালে ধরা পড়ল যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রহমত আলী। বুধবার (২২ এপ্রিল) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গ্রেপ্তারের তথ্য জানিয়েছেন। 

পুলিশ সূত্রে জানা যায়, ২০০৯ সালের একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি রহমত আলী ওরফে রহমত মিস্ত্রি (৫৩) দীর্ঘ দিন পরিচয় গোপন করে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন। সর্বশেষ তিনি কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানার চর কাশিয়া গ্রামে ভিন্ন পরিচয়ে বসবাস করছিলেন। গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় তার অবস্থান নিশ্চিত হয়ে বুধবার (২২ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেপ্তার করে কালীগঞ্জ থানা পুলিশ। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

রহমত আলী গ্রেপ্তার এড়াতে জাতীয় পরিচয়পত্রের তথ্য পরিবর্তন করে অন্য এলাকায় বসবাস শুরু করেন এবং দ্বিতীয় বিয়ে করে নতুন সংসার গড়ে তোলেন। তাদের সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে।

এদিকে, বুধবার (২২ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ উপজেলার চান্দেরবাগ বাজার এলাকা থেকে মো. রনি মণ্ডল (২৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এলাকায় মাদক কাববার, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার উভয় আসামিকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।