পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও ছাত্রদলের অস্থায়ী কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে শুক্রবার (২৪ এপ্রিল) সকালে মামলাটি করেন।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুর রহমান এ তথ্য জানান।
আরো পড়ুন: ঈশ্বরদী সরকারী কলেজে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ১০
তিনি জানান, মামলায় ছাত্রশিবির ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি সজিব হাসানকে প্রধান আসামি ও উপজেলা ছাত্রশিবিরের সেত্রেটারি, কলেজ শাখার সভাপতি, সেক্রেটারীরসহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে অভিযুক্ত করা হয়েছে।
ওসি আসাদুর রহমান জানান, ওই ঘটনায় এখন পর্যন্ত ছাত্রশিবিরের পক্ষ থেকে কোন অভিযোগ আসেনি। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
চট্টগ্রাম সিটি কলেজের ঘটনার জেরে পাবনার ঈশ্বরদী সরকারি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবির বৃহস্পতিবার কর্মসূচি আহ্বান করে। বেলা সাড়ে ১১টার দিকে দুই দল মিছিল নিয়ে কলেজ ক্যাম্পাসে মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়
কলেজ ক্যাম্পাস এবং আশপাশের এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয় ভাঙচুর ও কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে। ধাওয়া-পাল্টা ধাওয়ায় উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলেজের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।