সারা বাংলা

ছাত্রদল পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে: সাদ্দাম

ছাত্রদল প্রত্যেকটা ক্যাম্পাসে পায়ে পাড়া দিয়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। 

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় যশোরের বিডি হলে ছাত্রশিবিরের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। 

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, “ছাত্রদল কাদের ওপর পেশিশক্তি দেখাও? তোমরা যখন ছাত্রলীগের কাছে মার খাইতা, তখন সেই মারগুলো কারা ঠেকাইছে? তোমরা সিন্নি খাইলা মোল্লাদের উছিলায়, সেই মোল্লাদের এখন ভুলে যাও। আমরা ধৈর্য ধারণ করছি, কিন্তু দুর্বল ভেবো না। তোমরা সাবধান হয়ে যাও।” 

তিনি ক্রিকেটের উপমা টেনে বলেন, “জায়গায় দাঁড়ায়ে বল করলে বলে জোর হয় না। বলে জোর আনতে রানআপ নিতে পিছে যেতে হয়। এর মধ্যে তোমরা শুধরে না গেলে ছাত্রশিবির পেস বল করবে। তখন তোমাদের অস্তিত্ব ছাত্রলীগের মতোই হবে।”  

জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে ছাত্রদলকে দিয়ে বিএনপি পরিকল্পিত হামলা চালাচ্ছে, অভিযোগ করে ছাত্রশিবিরের সভাপতি বলেন, “ছাত্রদলের এই হামলা বিএনপির ইঙ্গিতেই হচ্ছে। দেশের দায়িত্ব নিয়ে ওপরে ওপরে দেখাচ্ছে, খুব ফিটফাট আছি। অর্থনীতির অবস্থা তলে তলে বেহাল। এমন পরিস্থিতি সামাল দিতে জনগণের দৃষ্টি ভিন্নদিকে প্রবাহিত করতে ক্যাম্পাস অস্থিতিশীল করছে। সেটা দেশের জনগণ বোঝে।” 

তিনি আরো বলেন, “গণভোটের রায়কে তোমরা মানো না। সেই দিক থেকেও দৃষ্টি অন্যদিকে ফেরাতে চাও। তোমরা গুম অধ্যাদেশ বাতিল করতে করেছ। তোমাদের মতো বিভিন্ন অধ্যাদেশ তৈরি করেছে। তোমাদের অপকর্ম ঢাকতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছ। এই পথেই হেঁটেছিল আওয়ামী লীগ। ফলে, তাদের দেশ থেকে পালাতে হয়েছে। তোমাদেরও দেশ থেকে পালাতে হবে; এখন সেই সময়ের অপেক্ষায় দেশবাসী।” 

নূরুল ইসলাম সাদ্দাম দাবি করেন যে, ছাত্রশিবির ছাত্র সংসদ নির্বাচনে জেতার পর ক্যাম্পাসে কোনো সাধারণ শিক্ষার্থীর গায়ে হাত দেয়নি এবং মাদক ও গেস্টরুম সংস্কৃতি নির্মূল করেছে। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে যুবদলের কেন্দ্রীয় নেতারা বিশেষ বিবেচনায় সিট পাচ্ছে।

ইসলামী ছাত্রশিবিরের যশোর জেলা পূর্ব শাখার সভাপতি এম মিনারুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মাদ্রাসা সম্পাদক হাফেজ ইসমাইল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— যশোর ৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর জেলা জামায়াতের সেক্রেটারি আবু জাফর, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম প্রমুখ।