সারা বাংলা

নেত্রকোণায় জামায়াতের এমপির গাড়িতে হামলা

নেত্রকোণা-৫ (পূর্বধলা) আসনের সংসদ সদস্য ও জামায়াত ইসলামীর নেতা মাছুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বিরিশিরি সড়কের আতকাপাড়া এলাকার একটি পেট্রোল পাম্পে ঘটনাটি ঘটে। 

স্থানীয় সূত্রে জানায়, বিকেলে একটি মাদরাসার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে গাড়িতে তেল নিতে আতকাপাড়া পাম্পে থামেন সংসদ সদস্য। মাগরিবের আজান হলে নামাজ আদায়ের জন্য পাশের মসজিদে যান তিনি। এ সময় কয়েকজন লোক সংসদ সদস্যের গাড়িতে হামলা চালায়। তারা গাড়িটি ভাঙচুর করে।

সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আল আমিন তালুকদার জানান, নামাজ চলাকালে হঠাৎ করেই গাড়ি ভাঙচুরের শব্দ শোনা যায়। এ সময় স্থানীয় বিএনপি নেতা ইশতিয়াক আহমেদ বাবুর নেতৃত্বে একদল লোক সংসদ সদস্যের দিকে এগিয়ে এলে মুসুল্লিরা মসজিদের দরজা বন্ধ করে দেন। পরে হামলাকারীরা তাদের অবরুদ্ধ করার চেষ্টা করে। পরে প্রশাসনের সহায়তায় সংসদ সদস্যকে সেখান থেকে সরিয়ে পূর্বধলা উপজেলা পরিষদে নেওয়া হয়।

এ ঘটনার বিষয়ে সংসদ সদস্য মাছুম মোস্তফা বলেন, “পথিমধ্যে তেল নিতে পাম্পে থামি এবং মাগরিবের নামাজের জন্য মসজিদে যাই। নামাজ চলাকালে বাইরে হঠাৎ ভাঙচুরের শব্দ শুনতে পাই। পরে দেখি, আমার গাড়িতে হামলা চালানো হয়েছে এবং কিছু লোক আমাকে ঘিরে ধরার চেষ্টা করছে।”

পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, ভাঙচুরের ঘটনায় বিএনপির কেউ জড়িত নয়। এ ঘটনায় বিএনপির নাম মিথ্যা এবং উদ্দেশ্যে প্রণোদিতভাবে ছড়ানো হচ্ছে।  

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দিদারুল ইসলাম জানান, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।