রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঁচদিন পর হাম উপসর্গে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।
এর আগে ১৯ এপ্রিল হাম উপসর্গে এক শিশু মারা যায়।
ক্ষুদে বার্তায় ডা. শংকর কুমার বিশ্বাস জানান, শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৮টা থেকে শনিবার (২৫ এপ্রিল) সকাল ৮টার মধ্যে শিশুটি মারা যায়। এ সময়ের মধ্যে হাম উপসর্গে নতুন করে ১০ শিশু ভর্তি হয়েছে।
তিনি জানান, একই সময়ে ছাড়পত্র পেয়েছে চার শিশু। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ১৪৪ শিশু। এখন পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৮৬ জনে।