সারা বাংলা

খুলনায় বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, নিহত ১

খুলনার তেরখাদায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নুর আলম (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। 

শনিবার (২৫ এপ্রিল) সকালে জেলার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের মধুপুর গ্রামে ঘটনাটি ঘটে।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, “বিএনপির শহিদুল ও সাইফুল গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

স্থানীয় সূত্রে জানা গেছে, ধান কাটাকে কেন্দ্র করে বিএনপির শহিদুল গ্রুপ ও সাইফুল গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় সাইফুল গ্রুপের নুর আলম নিহত হন। আহতদের মধ্যে রয়েছেন- মো. সোহেল রানা ওরফে হিজমুল্লাহ (৪০), নূরের শেখ (৫৫), মুসা শেখ, মফিজুর রহমান (৪৫) ও আলী হুসাইন। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ইউনিটের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের দাবি, উপজেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শহিদুল ইসলাম সমর্থিত গ্রুপের সদস্যরা দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ওপর হামলা চালায়। হামলায় আহাদুল, সাইফুল, আরিফ ও রিয়াজসহ ২০-২৫ জন অংশ নেয় বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে জানতে জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু ও সদস্যসচিব ভারপ্রাপ্ত এস এম মনিরুল হাসান বাপ্পির কাছে ফোন করা হলেও তারা কল রিসিভ করেননি।

তেরখাদা থানার অফিসার্স ইনচার্জ শহীদুল ইসলাম বলেন, “পূর্ব শত্রুতার জেরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। থানায় মামলা হয়নি। দোয়ীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলমান।”