সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদকসহ নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে। একইসঙ্গে নিয়মিত খেলাধুলা করলে শরীর সুস্থ ও সবল থাকে।”
শনিবার (২৫ এপ্রিল) দিনাজপুরের হিলি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “খেলাধুলা শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক স্বাস্থ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটি সুস্থ, সচেতন ও মানবিক জাতি গড়ে তুলতে হলে শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে।”
তিনি বলেন, “মানসিক প্রশান্তি ও শারীরিক বিকাশ নিশ্চিতে খেলাধুলার বিকল্প নেই। তাই পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের সকল স্তর থেকে খেলাধুলাকে উৎসাহিত করতে হবে।”
জাহিদ হোসেন বলেন, “১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ কর্মসূচির মাধ্যমে দেশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার প্রসার ঘটানোর উদ্যোগ নিয়েছিলেন। বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা বজায় রেখে শিশুদের বিকাশে নানা কার্যক্রম পরিচালনা করছে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর (হিলি) উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, হাকিমপুর থানার ওসি জাকির হোসেন প্রমুখ।