চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মৌমাছির কামড়ে আনিসুর রহমান (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনিসুর রহমান দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নের বাজারপাড়ার আবু তাহেরের ছেলে। তিনি ঝিনাইদহের খালিশপুর এলাকার একটি কোল্ডস্টোরে নৈশপ্রহরী ছিলেন। তিন সন্তানের জনক ছিলেন আনিসুর রহমান।
আব্দুল্লাহ নামের এক প্রতিবেশী জানিয়েছেন, প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে ভোরে পাখিভ্যানে করে বাড়ি ফিরছিলেন আনিসুর রহমান। দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ভ্যানের সামনে একটি মৌমাছির চাক ভেঙে পড়ে এবং তাকে একাধিক মৌমাছি কামড় দেয়। একটি মৌমাছি তার কানের ভেতরেও ঢুকে পড়ে।
তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। পরে আহত অবস্থায় তিনি বাড়িতে আসেন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রেফার করা হয়। তবে, হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, আনিসুর রহমান ভিমরুল বা মৌমাছির কামড়ে আহত হয়েছিলেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
দামুড়হুদা মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) সুলতান মাহমুদ এসব তথ্যের সত্যতা স্বীকার করেছেন।