কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আব্দুল্লাহ আমান এ আদেশ দেন বলে জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তারিকুল ইসলাম।
তারিকুল ইসলাম বলেন, “রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে হাফিজুর রহমানকে আদালতে তোলা হয়। বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এ মামলায় নতুন করে কাউকে গ্রেপ্তার করা হয়নি এবং ডিএনএ ক্রস-ম্যাচিং প্রক্রিয়া চলমান রয়েছে।”
এর আগে, গত বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক হাফিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। হাফিজুর ডিএনএ নমুনা যাচাইয়ের জন্য সন্দেহভাজন তিন জনের একজন।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু ২০১৬ সালের ২০ মার্চ সন্ধ্যায় কুমিল্লা সেনানিবাসের ভেতরে একটি বাসায় টিউশনি করাতে গিয়ে আর বাসায় ফেরেননি। পরে খোঁজাখুঁজি করে সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে ঝোপের মধ্যে তার লাশ পাওয়া যায়। তাকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়। পরদিন তার বাবা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন।