পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান বলেছেন, পার্বত্যাঞ্চল আর পিছিয়ে থাকবে না। প্রত্যন্ত অঞ্চলেও সড়ক, বিদ্যুৎ, স্বাস্থ্য, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান যে ‘রেইনবো নেশন’ ঘোষণা করেছেন সেটা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর। আর এ জন্য প্রান্তিক পর্যায়ে সব জনগোষ্ঠীর মাঝে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেওয়া হবে।
শনিবার (২৫ এপ্রিল) রাঙামাটির বরকল উপজেলায় আয়োজিত এক মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশের সব মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছে।
এ সময় তিনি বরকল উপজেলার সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রেজাউল করিমের সঞ্চালনায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা খন্দকার রেজাউল করিম, ৪৫ বিজিবি বরকল জোনের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম, পার্বত্যমন্ত্রীর একান্ত সচিব রবীন্দ্র চাকমা প্রমুখ।