সারা বাংলা

গোপালগঞ্জে আ.লীগ ছাড়লেন স্থানীয় নেতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতি ছাড়লেন মো. সিদ্দিক মোল্লা নামে এক আওয়ামী লীগ নেতা।

আজ রবিবার (২৬ এপ্রিল) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি আর আওয়ামী লীগের রাজনীতি না করার ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

পদত্যাগকারী মো. সিদ্দিক মোল্লা বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিদ্দিক মোল্লা বলেন, ‘‘দীর্ঘদিন আগে বর্নি ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলাম। তবে নতুন কমিটি হওয়ার পর বর্তমানে আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম আছে কি-না, সেটা জানি না। অজান্তে যদি আওয়ামী লীগের কোনো কমিটিতে আমার নাম থেকে থাকে, তাহলে আমি স্বেচ্ছায় ও স্বজ্ঞানে সকল ধরনের পদ-পদবি থেকে পদত্যাগ করলাম।’’ 

আগামীতেও কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হবেন না বলেও জানান তিনি।