সারা বাংলা

ফ্যান খুলে পড়ল এসএসসি পরীক্ষার্থীর মাথায়

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে সিলিং ফ্যান খুলে থামায় পড়ে এক পরীক্ষার্থী আহত হয়েছে। এতে তার মাথা কেটে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

রবিবার (২৬ এপ্রিল) সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত নিয়ামুল হাসান দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি জাফরুল হুসাইনের ছেলে।

স্কুল সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে হঠাৎ কক্ষের সিলিং ফ্যান খুলে নিয়ামুলের মাথার ওপর পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে তার মাথার একপাশ কেটে যায়। এ ঘটনায় কক্ষে থাকা অন্যান্য পরীক্ষার্থীরা ভয় পেয়ে যায়। কিছু সময়ের জন্য পরীক্ষায় ব্যাঘাত ঘটে। 

খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা হাসপাতাল থেকে মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তিনি আবার পরীক্ষায় অংশ নেন।

আহত হওয়া ও চিকিৎসার সময় পুষিয়ে দিতে তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়।

কেন্দ্রের কিছু কক্ষে পুরনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, আহত শিক্ষার্থীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি আবার পরীক্ষায় অংশ নেন। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।