সারা বাংলা

বজ্রপাতে সিরাজগঞ্জে প্রাণ গেল কৃষক ও যুবকের

সিরাজগঞ্জে বজ্রপাতে এক কৃষক ও এক যুবক প্রাণ হারিয়েছেন। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জেলার তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।

তাড়াশ উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশীন গ্রামে বিকেল সাড়ে ৪টার দিকে বজ্রপাতে নিহত আব্দুল হামিদ (৫০)। তিনি ওই গ্রামের মৃত গফুর আলীর ছেলে। একই দিন বিকেল ৫টার দিকে রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান এলাকায় বজ্রপাতে হাসান শেখের (২৫) মৃত্যু হয়। তিনি ওই এলাকার আব্দুল হালিম শেখের ছেলে।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানিয়েছেন, বিকেল সাড়ে ৩টার দিকে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন আব্দুল হামিদ। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

অন্যদিকে, বিকেলে পরিবারের সদস্যদের সঙ্গে জমিতে ধান কাটার সময় আকস্মিক ঝড়-বৃষ্টি শুরু হলে বজ্রপাতে ঘটনাস্থলেই হাসান শেখের মৃত্যু হয়।

মাধাইনগর ইউনিয়নের সদস্য মো. শফিকুল ইসলাম শফি ও ধানগড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেছেন, “বজ্রপাতে মৃত্যু সম্পর্কে অবগত হয়েছি।”

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানিয়েছেন, বজ্রপাতে নিহত ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন।