সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার (২৬ এপ্রিল) রাত ১১টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুম স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
দেওয়ান শামসুল আবেদীনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন তার ছোট ভাই সাজাউর রাজা চৌধুরী।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হলে দেওয়ান শামসুল আবেদীনকে দ্রুত সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে রাত ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার জানাজা আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় লক্ষণশ্রী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
দেওয়ান শামসুল ছিলেন মরমি কবি দেওয়ান হাসন রাজার প্রপৌত্র। তার রাজনৈতিক জীবন ছিল দীর্ঘ ও বর্ণাঢ্য। ছাত্রজীবনে তিনি সুনামগঞ্জ মহকুমা ছাত্রলীগের প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে তিনি বিএনপিতে সক্রিয়ভাবে যুক্ত হন এবং ১৯৭৯ সালে সুনামগঞ্জ-৩ আসন থেকে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯৩ সালে তিনি সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পান।
ব্যক্তিজীবনে তিনি ছিলেন অসাধারণ একজন মানুষ। নম্র ও অমায়িক ব্যবহারের জন্য সবার কাছে প্রিয় ছিলেন। মানুষের সঙ্গে তার আন্তরিক সম্পর্ক গড়ে তোলার ক্ষমতা ছিল অনন্য, যা তাকে সমাজে এক বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত করেছিল। এই মানবিক গুণাবলি ও ব্যক্তিত্ব তাকে সবার হৃদয়ে চিরস্মরণীয় করে রাখবে।
তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর বিভিন্ন সামাজিক, রাজনৈতিক মহলের ব্যক্তিরা শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।