সারা বাংলা

নরসিংদীতে মাদরাসাছাত্রী ধর্ষণ মামলায় শিক্ষক গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরায় এক মাদরাসাছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি হাফেজ মাওলানা জুনায়েদ আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৭ এপ্রিল) রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জুনায়েদ আহমদ পৌর শহরের একটি বালিকা মাদরাসার শিক্ষক। তিনি উপজেলার চান্দেরকান্দি এলাকার মুছলেহ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার জুনায়েদ আহমদ সংশ্লিষ্ট মাদরাসার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগীর মায়ের অভিযোগ অনুযায়ী, প্রায় দুই মাস আগে তিনি তার মেয়ে এবং ছোট ছেলেকে মাদরাসাটিতে ভর্তি করেন। আবাসিকভাবে সেখানে থেকে পড়ালেখা করছিল তারা। গত শুক্রবার (২৪ এপ্রিল) মধ্যরাতে মেয়েটিকে ধর্ষণ করেন মাদরাসার মুহতামিম জুনায়েদ আহমদ। পরদিন সকালে অসুস্থতা অনুভব করলে ওই ছাত্রী তার খালার বাসায় চলে যায়। সেখানে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে মেয়েটি বিস্তারিত জানায়। পরে বিষয়টি ফোনে ছাত্রীর মা-বাবাকে জানানো হয়।

এ ঘটনায় রবিবার (২৬ এপ্রিল) রায়পুরা থানায় অভিযুক্ত শিক্ষক জুনায়েদ আহমদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন ভুক্তভোগীর মা। 

এদিকে, গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে দেওয়া এক পোস্টে জুনায়েদ আহমদ নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা’ ও ‘ষড়যন্ত্র’ বলে দাবি করেন। 

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান আসামি গ্রেপ্তারের তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন। তিনি জানান, অভিযুক্ত জুনায়েদ আহমদ ঘটনার পর থেকেই আত্মগোপনে ছিলেন।