গাজীপুরের শ্রীপুরে সিএনজি চালিত অটোরিকশায় করে পরীক্ষা দিতে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় আহত হয়েছেন পাঁচ এসএসসি পরীক্ষার্থী। এ ঘটনায় ট্রাকটি চালককে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জাবের স্পিনিং মিলসের সামনে দুর্ঘটনার শিকার হান তারা। শিক্ষকরা জানান, আহতরা সবাই হাজী ছোট কলিম স্কুল অ্যান্ড কলেজের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।
আহতরা হলেন- আমিনুল ইসলাম পাপ্পু, সজিব, আহাদ, আবির ও জাহিদ। গুরুতর পাপ্পু, সজিব ও আহাদকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আবির ও জাহিদ প্রাথমিক চিকিৎসা শেষে কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশ নেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নয়নপুর বাজার এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে পরীক্ষার্থীরা কেন্দ্রে যাচ্ছিলেন। এমসি বাজার ইউটার্ন পার হওয়ার আগেই বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি ট্রাক তাদের বহনকারী অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা পাঁচ এসএসসি পরীক্ষার্থী আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে মাওনা এলাকার একটি বেসরকারি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখান থেকে তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রাকটির সামনের চাকা বিস্ফোরিত হয়ে নিয়ন্ত্রণ হারালে দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, আহত দুই পরীক্ষার্থীকে পুলিশ সদস্যরা দ্রুত কেন্দ্রে পৌঁছে দিলে তারা নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে সক্ষম হন।
মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংশ্লিষ্ট যানবাহন জব্দ করে। ট্রাকের চালককেও আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।