খুলনা প্রেস ক্লাবের ভেতরে প্রবেশ করে সাংবাদিকদের হুমকি দেওয়ার ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) মধ্যরাতে নগরীর নিরাল আবাসিক এলাকার দীঘির পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- দক্ষিণ নিরালা ১০ নং রোডের বাসিন্দা বাসতুল্লাহ গাজীর ছেলে বাবুল গাজী (৫৬) ও উত্তর হরিণটানা এলাকার বাসিন্দা আব্দুল হাইয়ের ছেলে মো. সবুজ (৪১)। তারা দুইজনই দর্জি পেশায় নিয়োজিত। আক্তার চেম্বারের একটি টেইলার্সে চাকরি করেন তারা।
মামলার তদন্ত কর্মকর্তা খুলনা সদর থানার এসআই বিশ্বজিত কুমার বসু জানান, এজারহার নামীয় চার আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা অজ্ঞাতনামা আসামি। ঘটনার পরপরই প্রেস ক্লাব থেকে সিসি ফুটেজ সংগ্রহ করা হয়। সেখানে তাদের উপস্থিতি দেখা গেছে। তারা খুলনার আক্তার চেম্বারের একটি প্রতিষ্ঠানে দর্জির কাজ করেন।
গত রবিবার খুলনা প্রেস ক্লাবের নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত এসে সভাপাতি প্রার্থী খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তনের সম্পাদক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকেন। তখন ‘এখন টেলিভিশন’ খুলনার বিশেষ প্রতিনিধি তরিকুল ইসলাম তাদের কাছে বিষয়টি জানতে চাইলে তাকে হুমকি ধামকি দেওয়া হয়। এ ঘটনায় খুলনা প্রেস ক্লাবের প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় দত্ত বাদী হয়ে খুলনা সদর থানায় মামলা করেন।