খুলনার খালিশপুরে তাঁতিদল নেতা সোনা মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. রনি ওরফে ন্যাটা রনিকে গ্রেপ্তার করেছে র্যাব-৬।
সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন একটি বাস কাউন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানা গেছে, সোনা মিয়া হত্যা মামলার সন্দেহভাজন আসামি রনি।
র্যাব জানা্য়, হত্যাকাণ্ডের পর থেকে রনি পালিয়ে বিভিন্নস্থানে অবস্থান করেন। সোমবার গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ জানতে পারে রনি বাগেরহাটে অবস্থান করছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাগেরহাট সদর থানাধীন বাসস্ট্যান্ড ট্রাফিক মোড় সংলগ্ন মিঠুর বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে রনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া রনির পিসি-পিআর পর্যালোচনা করে দেখা যায়, তার বিরুদ্ধে হত্যাসহ ছয়টি মামলা বিচারাধীন। খালিশপুর থানা এলাকায় তার বিরুদ্ধে মাদক কারবার পরিচালনার অভিযোগ রয়েছে। তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।