সারা বাংলা

রোহিঙ্গা ক্যাম্পে আইওএমের গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) গাড়ির ধাক্কায় আবু ওয়াইদা (৪) নামে এক রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প ১৩ এর ই/০১ ব্লকে এ দুর্ঘটনা ঘটে। এর পরে ক্যাম্পজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আবু ওয়াইদা ক্যাম্প-১৩ এর জি/০৪ ব্লকের মো. আব্দুল্লাহর সন্তান।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আইওএমের একটি গাড়ি ক্যাম্পের ভেতর দিয়ে যাওয়ার সময় শিশুটিকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ রোহিঙ্গারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে আইওএমের গাড়িটি ভাঙচুর করেন। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজিবুর রহমান জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে গাড়ির ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই গাড়ির চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।