গাইবান্ধায় ভাতিজা আব্দুল জলিল শেখ ও তার ভাইদের লাঠির আঘাতে চাচা কপিল উদ্দিন শেখ (৫৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের উত্তর হরিপুর গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত কপিল উদ্দিন ওই গ্রামের ফজর উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানিয়েছেন, হরিরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ছমছেল শেখের ছেলে আব্দুল জলিল শেখ ও তার ভাইদের সঙ্গে কপিল উদ্দিনের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় জলিল শেখ ও তার ভাইরা লাঠি-ধারালো অস্ত্র নিয়ে হামলা করেন। লাঠির আঘাতে কপিল উদ্দিন নিহত হন। এ সময় আহত হন আব্দুল জলিল শেখও। তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) পবিত্র কুমার বলেছেন, “খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”