সারা বাংলা

এসএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে বজ্রপাতে শিক্ষার্থীর মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাটে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে রবিন মিয়া (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের আবাদ গ্রামে মারা যান তিনি।

মারা যাওয়া রবিন মিয়া একই গ্রামের ইয়াকুব মিয়ার ছেলে। স্থানীয় চান্দপুর শামছুন্নাহার উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন তিনি। 

স্থানীয়রা জানান, সকালে প্রচণ্ড ঝড় হচ্ছিল। এ সময় রবিন মিয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যেতে বাড়ি থেকে বের হন। পথে বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গালিব চৌধুরী বলেন, “বিষয়টি শুনেছি। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।”

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে বজ্রপাতে রবিন নামে শিক্ষার্থী মৃত্যু হয়েছে।”