ফরিদপুর শহরের উত্তর আলীপুর এলাকার একটি ভাড়াবাসা থেকে মোহাম্মদ মেহেদী হাসান (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ১১টার দিকে মরদেহটি উদ্ধার হয়।
মারা যাওয়া মেহেদী কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার পূর্ব বামপাড়া এলাকার মামুনুর রশীদের ছেলে। তিনি ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের উত্তর আলীপুর এলাকায় লিটন খানের বাসায় ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি অটোরিকশা গ্যারাজে মেকানিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানান, মেহেদী দীর্ঘদিন ধরে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। একই এলাকাতেই তার শ্বশুরবাড়ি। মঙ্গলবার রাতে নিজের ভাড়াবাসার কক্ষের ভেতরে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেহেদীকে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তারা ময়নাতদন্তের জন্য মেহেদীর মরদেহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, “আমরা ওই যুবকের ভাড়াবাসায় পুলিশ পাঠাই। সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করি। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”