সারা বাংলা

সিলেটে বাড়ছে নদ-নদীর পানি

টানা বৃষ্টিপাতে সিলেট বিভাগজুড়ে নদ-নদীর পানি বাড়ছে। তবে, এখন পর্যন্ত কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

সিলেট আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই টানা বৃষ্টির সঙ্গে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢল যুক্ত হওয়ায় নদীগুলোর পানি ক্রমেই বাড়ছে।

বুধবার (২৯ এপ্রিল) পাউবোর তথ্য অনুযায়ী, সিলেটের প্রধান সুরমা, কুশিয়ারা, পিয়াইন ও সারিগোয়াইন নদীর বিভিন্ন পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে। সুরমা নদীর কানাইঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার নিচে রয়েছে। মঙ্গলবার সকাল ৯টায় পানির উচ্চতা ছিল ৫ দশমিক ৮৮ সেন্টিমিটার, সেটিও ছিল বিপৎসীমার নিচে। একইভাবে সিলেট পয়েন্টেও পানি বিপৎসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সিলেট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাস বলেন, “প্রাক-বর্ষা মৌসুমে বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে নদীর পানি ধীরে ধীরে বাড়ে, যা স্বাভাবিক প্রক্রিয়া। বর্তমানে সব নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও উজানে বৃষ্টিপাত অব্যাহত থাকায় পানি আরো বাড়তে পারে।”