গাজীপুরের কালীগঞ্জে বজ্রপাতে মো. জাকির হোসেন খান (৩২) নামে এক মাছ শিকারির মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের বরাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জাকির হোসেন বারাইয়া গ্রামের সুলতান খানের ছেলে। কালীগঞ্জ থানার ওসি মো. জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, “বুধবার সকালে প্রতিদিনের মতো জাকির বিল থেকে মাছ ধরে বাড়িতে ফেরেন। পরে সেই মাছ বিক্রির জন্য প্রতিবেশী রতন বেপারীর কাছে দিতে গেলে তিনি বাজারে গেছেন জানতে পারেন। সে সময় সেখানে তার এক বন্ধু শরীফের সঙ্গে দেখা হয়। শরীফ নিজের বাড়ির জন্য কিছু মাছ পাঠাতে বললে জাকির তা নিয়ে রওনা দেন। বাড়ির কাছাকাছি পৌঁছালে হঠাৎ বজ্রপাত হয়। এতে জাকির গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। একই সময়ে বাজার থেকে বাড়ি ফেরার পথে হামিদ খান নামের এক ব্যক্তি জাকিরকে রাস্তায় পড়ে থাকতে দেখে ডাক-চিৎকার করে লোকজনকে ডাকেন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।”